‘সাংবাদিক পরিচয়ে’ ইয়াবার কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা সরবরাহকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইয়াসিন মোল্লা (৪৫) ঢাকার যাত্রাবাড়ির চন্দ্রপাড়া সোলতানিয়া খানকা শরীফ এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ‘শিখর সন্ধানে’ নামে একটি পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে পরিচয় দেন।
সোমবার চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে ইয়াসিনকে আটক করে তার দেহ তল্লাশি করে দুই হাজার ইয়াবা পাওয়া যায়।
তল্লাশির সময় ইয়াসিন নিজেকে সাংবাদিক পরিচয় দেন জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা আসিফ বলেন, “তার কাছ থেকে একটি ক্যানন ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা, ‘শিখর সন্ধানে’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার পরিচয় পত্র উদ্ধার হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানিয়েছে সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে ঢাকা বিক্রি করে।”
আসিফ বলেন, ইয়াসিন বিভিন্ন সময়ে টেকনাফ ও কক্সবাজারে যাওয়া আসা করে। সেখানে সে ‘সংবাদ প্রকাশের’ ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় খুলশী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
