সাতকানিয়ায় খুনের আসামি জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা ও পুলিশের ওপর হামলাসহ সাত মামলার আসামি এক জামায়াত কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান, রোববার রাতে কেরানীহাট এলাকা থেকে আজিজুল হক ওরফে বাটা আজিজকে (৪৬) গ্রেপ্তার করেন তারা।
আজিজ সাতকানিয়া উপজেলার ১০ নম্বর কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
সাতকানিয়ার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিজের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ও দ্রুত বিচার আইনে মোট সাতটি মামলা রয়েছে।
“এছাড়া ২০১৩-১৪ সালের তাণ্ডব চলাকালে আজিজুল বিভিন্ন হামলায় নেতৃত্ব দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কেরানীহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
আগের মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আজিজকে সোমবার আদালতে হাজির করা হবে বলে জানান ওসি রফিকুল হোসেন।
