পদবঞ্চিত যুবদল নেতার সমর্থকদের বিক্ষোভ
ঘোষিত কমিটিতে স্থান না পেয়ে চট্টগ্রামে দলীয় কার্যালয়ে বিক্ষোভ করে ব্যানার ছিঁড়েছে পদবঞ্চিত এক নেতার সমর্থকরা।
শুক্রবার গভীর রাতে ও শনিবার সকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ করে পদবঞ্চিত যুবদলনেতা শামসুল হকের অনুসারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপিনেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হতে চেয়েছিলেন বিদায়ী কমিটির সহ-সভাপতি শামসুল হক। ঘোষিত কমিটিতে স্থান না পেয়ে তিনি এবং তার অনুসারী কিছু কর্মী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে এবং সেখানে টাঙানো বিভিন্ন ব্যানার ছিঁড়ে এবং বাঁশের কাঠামো ভেঙ্গে ফেলে।
শনিবারও কর্মীদের বিক্ষোভ অব্যাহত থাকে। সকাল ১১টার দিকে ব্ক্ষিুব্ধরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের লোহার গেইটেও হামলা করে।
নতুন ঘোষিত যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটিতে পদ কম, অনেকেই নেতা হতে চান। সবাইকে তো স্থান দেওয়া সম্ভব নয়। এতে অনেকের মন খারাপ হতে পারে।”
পদবঞ্চিতদের মন খারাপ পরে ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি।
