চট্টগ্রামে পিস্তলসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দিদারুল আলমের (৪৪) বাড়ি সাতকানিয়া উপেজেলার ডলুব্রিজ এলাকার ছমাদর পাড়ায়।
বন্দরনগরীর রেয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী অফিস এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল রেয়াজউদ্দিন বাজারে অভিযানে যায়।
“কর্মচারী সমিতির অফিস এলাকায় কয়েকজন লোক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দিদারুলকে ধরে ফেলে।”
পরে তল্লাশি করে তার কাছে সেভেন পয়েন্ট ফাইভ বোরের একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানান ওসি।
তিনি বলেন, “দিদার জিজ্ঞাসাবাদে বলেছে, দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহ তাকে অস্ত্রটি বিক্রি করার জন্য দিয়েছিল।”
এই ঘটনায় গ্রেপ্তার দিদার এবং দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জিন্নাহর নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ।
অভিযোগের বিষয়ে জিন্নাহর বক্তব্য জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
