২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াস কাদের চৌধুরীকে গ্রেপ্তার দাবি চট্টগ্রাম আ. লীগের

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 08:02 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার বিকালে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম এ সালাম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, “গিকা চৌধুরী ফটিকছড়ি উপজেলা বিএনপির এক সভায় বক্তব্য প্রদানকালে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেন।

“এই ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে গিকা চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

সালাহউদ্দিন ও গিয়াস কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ছিলেন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য স্বাধীনতার পর তাকে গ্রেপ্তার করা হয়, বন্দি অবস্থায়ই মারা যান তিনি।

ওই প্রসঙ্গ তুলে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের বিবৃতিতে বলা হয়, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ফকা চৌধুরীর পরিবার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে।

“যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী আমৃত্যু দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। চট্টগ্রামের অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী হত্যাকাণ্ডের হোতা এই পরিবারের সদস্যরা সুযোগ পেলেই রাষ্ট্র ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে।

“ফটিকছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিত করে গিয়াস কাদেরের হুমকি জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। তাই দ্রুত গিকা চৌধুরীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গভীর ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জোর দাবি জানাচ্ছি।”

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে দলীয় এক সভায় বক্তব্যে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে’ বলে মন্তব্য করেন অভিযোগে বুধবার ফটিকছড়ি থানায় একটি মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের একটি আদালত।

বুধবার দুপুরে ওই মামলা দায়ের পর বিকালে চট্টগ্রাম শহরে গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম শহরে বিক্ষোভ হয়। পরে সন্ধ্যায় নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন ‘গুডস হিলে’ তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

গুডস হিলে সালাহউদ্দিন ও গিয়াস কাদের চৌধুরীসহ তাদের চার ভাইয়ের বাড়ি। সেখানে ৫০-৬০ জন যুবক অতর্কিতে প্রবেশ করে গার্ড রুম, অফিস রুম, গাড়ি ও দুটি বাড়ির বারান্দায় রাখা আসবাব ভাংচুর করে।

ওই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এদিকে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে চট্টগ্রামের আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সাকার ভাই গিকার বিরুদ্ধে পরোয়ানা
সাকা চৌধুরীর ‘গুডস হিলে’ হামলা-ভাংচুর
প্রধানমন্ত্রীকে ‘হুমকি’: গিয়াস উদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলা