সাকা চৌধুরীর ‘গুডস হিলে’ হামলা-ভাংচুর
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলার হওয়ার পর চট্টগ্রাম শহরে তাদের বাড়ি ‘গুডস হিলে’ হামলা ও ভাংচুর করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০-৬০ জনের একটি দল সেখানে হামলা চালায় বলে ওই বাড়ির কর্মচারীরা জানিয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তারা। পুলিশও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
তবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই হামলার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন।
চট্টগ্রাম নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন গুডস হিল পাহাড়ের ওপর সালাউদ্দিন কাদের চৌধুরীদের পৈত্রিক বাড়ি। সেখানে সালাউদ্দিন ছাড়াও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীসহ তাদের চার ভাইয়ের পরিবারের বসবাস।
“এ সময় তারা গার্ডরুম ও তার পাশের অফিস কক্ষে ভাংচুর করে। এরপর উপরে উঠে গ্যারেজে থাকা মাইক্রোবাস, পাজরো জিপ ও প্রাইভেট কারসহ আটটি গাড়ি ভাংচুর করে। হকিস্টিক ও লাঠি নিয়ে আসা ওই তরুণরা ভাংচুর চালিয়ে চলে যায়।”
হামলাকারীরা ভেতর থেকে কিছু কাগজপত্র বাইরে এনে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন দেয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ফটক বন্ধ থাকায় তারা বাড়ির ভেতরে ঢোকেনি। তাদের কাছে কেউ কারও নামে কোনো অভিযোগ করেননি বলে কোতোয়ালী থানার এসআই বিকাশ শীল জানিয়েছেন।
ওই মামলায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, কটূক্তি করা, ফটিকছড়ির অনুষ্ঠানস্থলের সামনে বিস্ফোরণ ঘটানো এবং বন্দুক নিয়ে তাড়া করার অভিযোগ করা হয়েছে।
এর কয়েক ঘণ্টার মধ্যে তাদের বাড়িতে ওই হামলা হয়। রাত সোয়া ৮টার দিকে গুডস হিলে গিয়ে দেখা যায়, পাহাড়ের উপর সাইফুদ্দিন কাদের চৌধুরীর বাড়ির সামনে ফুলের টব ও চেয়ার ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।
যে পৈত্রিক বাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরী থাকতেন তার সামনে রাখা একটি প্রাইভেট কার ভাঙা হয়েছে। ভাংচুর করা হয়েছে বারান্দায় রাখা আসবাবও।
ঘটনার পর নগরীর কোতোয়ালী থানা পুলিশের একটি দল গুডস হিল এলাকায় যান। সেখানে এসআই বিকাশ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসে এখানে কাউকে পাইনি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি।”
বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় তারা ওই বাড়ির ভেতরে ঢোকেননি বলে জানান তিনি।
হামলার সময় বাড়িতে ছিলেন না গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পরিকল্পিতভাবে তাদের বাড়িতে এই হামলা চালানো হয়েছে অভিযোগ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা শ্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। হামলার পর থানার ওসি থেকে শুরু করে কোন পুলিশ ফোন ধরেনি।”
