২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালী মাজারে খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

আধিপত্যের বিরোধে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে ফকিরাখালী তুফান আলী শাহ মাজারের গেইটে শাহ আলমকে হত্যা করা হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 07:32 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

হত্যাকাণ্ডে জড়িত মিনহাজুল আবেদিন ওরফে নাঈমকে (২৫) গ্রেপ্তারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার গ্রেপ্তারের পর নাঈম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

গ্রেপ্তার নাঈম বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মোহাম্মদ মুছার ছেলে।

গত ২০ মার্চ রাতে তুফান আলী শাহর মাজারের গেইটে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন শাহ আলম (৫২)। এই ঘটনায় তার ভাই সিরাজুল ইসলাম নবী বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা করেন।

ওই সময় পুলিশ জানিয়েছিল, মাজারের বার্ষিক ওরসের দিন গেইটে দানের টাকা তোলা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় শাহ আলমের বুকে ধারলো অস্ত্রের আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিবিআই গত ২৪ এপ্রিল পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার নেয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করে।   

পুলিশ কর্মকর্তা রেজাউল জানান, ঘটনার দিন মামলার আসামি সাদ্দাম ফোন করে তার চাচাত ভাই নাঈমকে মাজার গেইটে আসতে বলেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুইপক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন শাহ আলম।

“মাজারে আধিপত্য বিস্তার করতে চাওয়া স্থানীয় আবদুল মান্নানের পক্ষের লোকজন শাহ আলমের পক্ষের লোকদের বিতাড়িত করার চেষ্টা করছিল।

“এর জের ধরে মান্নানের পক্ষের লোক এবং হত্যা মামলার এক নম্বর আসামি তৌহিদুল ইসলাম ছুরি দিয়ে শাহ আলমের বুকে আঘাত করে সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা রেজাউল জানান, পরিকল্পিতভঅবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেপ্তার নাঈম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পুরনো খবর:

বোয়ালখালীতে মাজারের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১