২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 07:05 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার মগপুকুরিয়া এলাকার লয়েল অ্যাপারেলস নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে।

তিনি জানান, আগুনের সূত্রপাত হয় কারখানার নিটিং সেকশনের তিন তলা ভবনের দ্বিতীয় তলায়।

“ভবনটি স্টিলের কাঠামো দিয়ে তৈরি। শ্রমিকরা তখন কারখানায় কাজে ছিলেন। তাদের দ্রুত সরিয়ে নেওয়ায় কেউ আহত হননি।”

তবে ওই এলাকায় পানির সঙ্কট থাকায় এবং স্টিলের কাঠামোগুলো জোড়া থেকে খুলে আসার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান তিনি।  

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের নয়টি গাড়ি বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ডাম্পিংয়ের কাজ তখনও চলছিল।

ওই কারখানায় আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক। তবে কারখানার নিটিং সেকশনের মেশিন ও মালামাল পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।  

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, লয়েল অ্যাপারেলসের পাশেই জিপিএইচ ইস্পাতের কারখানা। আগুন সময়মত নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ওই কারখানাতেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।