২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণনাশের হুমকি: প্যানেল মেয়রের বিরুদ্ধে আদালতে অভিযোগ

ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক প্যানেল মেয়রের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:36 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর বিরুদ্ধে সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাৎ হোসেন ভুঁইয়ার আদালতে এই অভিযোগ করেছেন মুহাম্মদ সাজ্জাত হোসেন।

তিনি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম নগর শাখার সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী।

আদালত অভিযোগের বিষয়ে মঙ্গলবার আদেশের দিন রেখেছে।

ঘটনার বিষয়ে মুহাম্মদ সাজ্জাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ মে আমি ফেসবুকে ‘দলের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে ওসি বড়’ শিরোনামে একটি স্ট্যাটাস দিই।

“এর সাথে কোতোয়ালী থানার নতুন ওসি মো. মহসিনকে ১২ জন ওয়ার্ড কাউন্সিলরের ফুল দেওয়ার একটি ছবিও দিই। সেই স্ট্যটাসে অনেকে মন্তব্য করেছিলেন।”

Image
ফেইসবুকে এই স্ট্যাটাস দেওয়া নিয়েই প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ মুহাম্মদ সাজ্জাত হোসেনের

ফেইসবুকে এই স্ট্যাটাস দেওয়া নিয়েই প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ মুহাম্মদ সাজ্জাত হোসেনের

তিনি বলেন, “পরে শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশনে নগর আওয়ামী লীগের ইফতার পার্টিতে গেলে কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী শুরুতে বলেন- ‘এগুলো কেন লিখেছ? কে লিখতে বলেছে?’

“আমি বলি- ‘আপনাকে নিয়ে আমি লিখিনি। আপনি আমার নেতা। আমার খারাপ লেগেছে বলে লিখেছি’। একপর্যায়ে তিনি চলে যাচ্ছিলেন, আবার ফিরে আসেন। তখন বলেন- ‘সাবধান করে দিলাম। তোকে কেউ মেরে ফেললে কী করবি’?”

হুমকি পাওয়ার পর থানায় গিয়েও জিডি করতে পারেননি বলে জানান সাজ্জাত।

তিনি বলেন, “শনিবার রাতেই কোতোয়ালী থানায় যাই জিডি করার জন্য। তখন ওসি সাহেব বলেন- আমাকে নিয়ে লিখেছেন, আবার আমার কাছেই নিরাপত্তার জন্য এসেছেন? জবাবে বলেছি- ‘নাগরিক হিসেবে আমার নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনার’।

“আমি উনার দোষ দিই না। কেউ উনার কাছে ফুল নিয়ে গেলে উনি তা গ্রহণ করতেই পারেন। তবে তিনি জিডি নেননি।”

ঘটনার বিষয়ে জানতে দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওইদিন অনুষ্ঠান শেষে স্টেজ থেকে নামার সময় সেখানে ৪০-৫০ জন ছেলে ছিল।

“সে (মুহাম্মদ সাজ্জাত হোসেন) এসে আমাকে সালাম দেয়। তাকে বলেছি- ‘তুমি আমাদের নিয়ে লেখ কেন? আমরা কী তোমার সমবয়সী? আমারা প্রশাসনে আছি, কোথায় যাব না যাব এটা ভালো বুঝব’।”

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসনী বলেন, “তাকে বলেছি এগুলো ফেসবুকে লিখলে অনেকে পক্ষে-বিপক্ষে মন্তব্য করে। এতে নিজেদের মধ্যে বিরোধ হয়ে যায়। আমার তো অনেক অনুসারী আছে তারা রিঅ্যাক্ট করতে পারে।”

আদালতে অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আগামীকাল আইনজীবীর সাথে কথা বলব। আইনগতভাবে যা করার করব। বেয়াদবির তো একটা শিক্ষা আছে, না?”

নগরীর কোতোয়ালী থানার ওসি পদে নতুন যোগ দিয়েছেন মো. মহসীন। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ জন কাউন্সিলর গত সপ্তাহে থানায় গিয়ে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এই কাউন্সিলরদের মধ্যে আছেন- বাগমনিরাম ওয়ার্ডের গিয়াস উদ্দিন, চাক্তাইয়ের হাজী নুরুল হক, আন্দরকিল্লার জহরলাল হাজারী, আলকরণের তারেক সোলায়মান সেলিম, পাথরঘাটার ইসমাইল বালি, ফিরিঙ্গিবাজারের হাসান মুরাদ বিপ্লব, এনায়েতবাজারের সলিমুল্লাহ বাচ্চু, জামালখানের শৈবাল দাশ সুমন, তিন সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ, লুৎফুন্নেছা দোভাষ বেবী ও আঞ্জুমান আরা বেগম।

সাজ্জাত হোসেনের জিডি না নেওয়ার অভিযোগের বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বলেন, “উনাকে বলেছি জিডি ঠিকভাবে লিখে আনলে তা গ্রহণ করা হবে। উনি আর আসেননি।”