তাসফিয়া খুনের আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডের ২০ দিনের মাথায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ বছর বয়সী ওই তরুণকে বুধবার রাতে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনা জাহেদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার তরুণ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে তাসফিয়ার বাবার করা মামলার এজাহারভুক্ত আসামি।”
তাসফিয়া হত্যাকাণ্ডের পর তার বন্ধু আরেক তরুণকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দুই এ দাঁড়াল।
তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিনের করা মামলায় ছয়জনকে আসামি করা হয়।
গত ২ মে কর্ণফুলী নদী তীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ।
