নদী তীরে স্কুলছাত্রীর লাশ: আদনানকে জিজ্ঞাসাবাদ হবে সংশোধনাগারে
চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় গ্রেপ্তার তার ছেলেবন্ধু আদনান মির্জাকে কিশোর সংশোধনাগারের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
দশম শ্রেণির ছাত্র আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিল পুলিশ।
রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জিন্নাত ফেরদৌস চৌধুরী ওই আবেদনের শুনানি শেষে টঙ্গীর সংশোধনাগারের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বয়স কম হওয়ায় বিচারক শুনানি শেষে আদনানকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়নি। সংশোধনাগারের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে।”
গত বুধবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে পাথরের উপর উপুড় হয়ে থাকা অবস্থায় তাসফিয়ার লাশ পাওয়া যায়। নগরীর সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।
ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে মাসখানেক আগে নগরীর আরেকটি স্কুলের দশম শ্রেণির ছাত্র আদনানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পরিবারের ভাষ্য। মঙ্গলবার বিকালে আদনানের সঙ্গে বেড়াতে বেরিয়ে নিখোঁজ হন তাসফিয়া।
আদনান ও তাসফিয়া নগরীর গোলাপাহাড় মোড়ে ‘চায়না গ্রিল’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খান। পরে সেখান থেকে বেরিয়ে দুজনে দুটি অটোরিকশায় উঠে চলে যান বলে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ।
তাসফিয়ার লাশ উদ্ধারের পর বুধবারই জিজ্ঞাসাবাদের জন্য আদনানকে থানায় ডেকে আনা হয়। পরে তাসফিয়ার বাবা মামলা দায়ের করলে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলায় আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করা হলেও অন্যদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি।
