চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় মিলেছে
চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় মিলেছে।
এরা হলেন পটিয়ার আমজুর হাটের হাবিবুর রহমান এবং কুমিল্লার বুড়িচংয়ের মো. মোশারফ।
চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে গোলাগুলিতে নিহত হন তারা।
র্যাব ৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চাশোর্ধ হাবিবুর রহমান চট্টগ্রামে থাকতেন লাভ লেইনে। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে মাদক আইনে।
অভিযানে থাকা র্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকাশ্যে মাদক বিক্রির খবর পেয়ে তাদের টহল দল সেখানে যায়।
“সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়।”
র্যাব বলছে, নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে ছিল। অন্যজনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও ছিল।
ঘটনাস্থল থেকে নগদ টাকা এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের কথাও র্যাব জানিয়েছে।
