২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ চার ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে এক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 12:27 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

বৃহস্পতিবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা এবং বুধবার রাতে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- মো. সুমন (৪২), আনোয়ার হোসেন (৩০), বশির আহম্মদ ওরফে রনি (৩১) এবং খোরশেদ আলম (৩৫)।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা নির্জন স্থানে মানুষকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা হাতিয়ে নিত।”

ওসি বলেন, বুধবার রাতে কাজীর দেউড়ি কাঁচা বাজারের সামনে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

“ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমন, আনোয়ার ও রনিকে পুলিশ ধরে ফেলে। তবে রানা নামে আরেকজন পালিয়ে যায়।”

গ্রেপ্তার ওই তিনজনের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মহসিন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে অটোরিকশা চালক খোরশেদকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কাজে তারা খোরশেদের অটোরিকশা ব্যবহার করত।

কোতোয়ালি থানার এসআই ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গত বছর ঈদের পরদিন দিদার মার্কেট এলাকায় এবং তার আগে চাক্তাই শুঁটকি পট্টিতে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ছিলেন সুমন। ওই দুই মামলায় সুমনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।