বন্দরের বহির্নোঙরে ৪০০ মিটার রশিসহ গ্রেপ্তার ৭
চট্টগ্রামের বহির্নোঙরে ৪০০ মিটার রশিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
আলফা অ্যাঙ্করেজ থেকে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই সাতজন হলেন- মো. সোহেল (২৭), মো. সেলিম (৩০), মো. শাহীন (২৪), আক্তার মিয়া (৩০), মো. পলাশ (৩৮), মো. ইউনুস (৩০) ও মো. আলী (২৭)।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মেটাল শার্ক-২ এর মাধ্যমে পরিচালিত অভিযানে আলফা অ্যাঙ্করেজ থেকে একটি বোট আটক করা হয়। পরে বোটটি তল্লাশি করে ৪০০ মিটার রশি উদ্ধার করা হয়।”
উদ্ধার করা রশিগুলো ‘এমভি গেনকো ব্রিটানি’ নামে একটি জাহাজের বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা জাহাজ থকে রশিগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।
