চট্টগ্রাম ভেটেরিনারির বৈজ্ঞানিক সম্মেলন শুরু ১২ মে
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ১২ মে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বুধবার এক সংবাদ সম্মেলনে দুই দিনের এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমেল অ্যান্ড ফিশারিজ সায়েন্সেস এর উপাচার্য পুর্ণেন্দু বিশ্বাস, চট্টগ্রাম ভেটেরিনারির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. নিতীশ চন্দ্র দেবনাথ এবং দক্ষিণ কোরিয়ার পুকইয়ং ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ইয়ং-কি-হোং।
রোববার সম্মেলনের সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
এবারের বৈজ্ঞানিক সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘বাংলাদেশের মত একটি মধ্যম আয়ের দেশে টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদের ভূমিকা’।
উপাচার্য জানান, ২০০০ সালে তৎকালীন চট্টগ্রাম ভেটেরিনারি কলেজের উদ্যোগে এই বৈজ্ঞানিক সম্মেলনের সূচনা হয়। এর ধারাবাহিকতায় এ বছর বসছে সম্মেলনের পঞ্চদশ আসর।
এ বছরের বৈজ্ঞনিক সম্মেলনে মোট সাতটি টেকনিক্যাল সেশনে একটি মূল প্রবন্ধ এবং ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দাক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদরা এ সম্মেলনে অংশ নেবেন।
উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
