রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ভারতের প্রতি আহ্বান
মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেখানে ফেরাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভারত সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো দ্বিতীয় পর্যায়ে মানবিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, “ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা কৃতজ্ঞ। পরস্পরের বন্ধু দেশ, একজন আরেকজনের সাহায্যে এগিয়ে যাব সেই প্রতিশ্রুতি আমাদের রয়েছে।
তিনি বলেন, এরা মিয়ানমারের নাগরিক, এদের মিয়ানমারে ফিরে যেতে হবে। মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে যেন তাদের নাগরিক ফিরিয়ে নেয় সেজন্য তাদেরকে (ভারতকে) অনুরোধ করতে চাই।
“সাহায্য দেওয়ার চেয়ে বেশি প্রয়োজন তাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া। তার জন্য ভারত সরকারকে হাই কমিশনারের মাধ্যমে অনুরোধ করতে চাই- আপনারা আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করুন, মিয়ানমার থেকে আগত মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য।”
ইতিমধ্যে মিয়ানমার থেকে ১২ লাখ রোহিঙ্গা এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, “এই অল্প সময়ের মধ্যে ১১ লাখ ১২ হাজার ৩০৮ জন নাগরিককে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। ৩০টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ৩৬ হাজার ৩৭৩ এতিম শিশুকে সন্ধান করতে পেরেছি।
“৯ কিলোমিটার বিদ্যুতায়ন, ১৩ কিলোমিটার সংযোগ সড়ক হয়েছে এবং পানির জন্য ১০ কিলোমিটার খাল খনন করা হয়েছে।”
ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে ধন্যবাদ জানান মন্ত্রী।
“আপনাদের সাথে আমাদেরও প্রচেষ্টা যেন এই বাস্তুচ্যুত মানুষ নিজ দেশে ফিরে যেতে পারে। একারণে আমরা রাখাইন রাজ্যে কম খরচে বাসস্থানসহ অন্যান্য আর্থ-সামাজিক সুবিধা নিশ্চিত করণে কাজ করছি। যা শরণার্থীদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনে সহজতর করবে।”
শ্রিংলা বলেন, এই বিপুল সংখ্যক মানুষের ঢল বাংলাদেশ সরকার ও জনগণের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
“তাদের সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় এবং এই কাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও সমর্থন পাবার দাবিদার।”
‘পাহাড়ে আকাশ শূন্য’
জ্বালানির জন্য পাহাড়ের গাছপালা কেটে রোহিঙ্গারা ওই অঞ্চলের ‘আকাশ শূন্য’ করে ফেলেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সেখানে সবচেয়ে বড় জ্বালানি সংকট। পাহাড়ে গাছপালা নাই বললেই চলে। গাছ কাটা হয়েছে, তারপর ডালপালা, তারপর গাছের গোড়া পর্যন্ত তুলে ফেলা হয়েছে। বলতে গেলে পাহাড়ে আকাশ একেবারে শূন্য বলা চলে।
“ভারত ২৫ হাজার স্টোভ দিয়ে কেরোসিন তেল দিয়ে তাদের রান্নার ব্যবস্থা করে দেবে বলেছে। হয়ত দ্বিতীয় ধাপে পৌঁছবে। এতে রোহিঙ্গাদের জ্বালানি সমস্যা হয়ত দূর করতে পারব।”
“সে বিবেচনায় ৫০ হাজার পরিবারকে সরিয়ে নিরাপদ জায়গায় নেওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আট-দশ হাজার পরিবার সরিয়ে নেওয়া হয়েছে। আশাকরি এ মাসের মধ্যে ২০-২৫ হাজার পরিবারকে সরিয়ে নিতে সক্ষম হব।”
রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পর খালি হওয়া জায়গায় দুটি মোবাইল মেডিকেল টিম স্থাপনে ভারতকে আহ্বান জানান মন্ত্রী।
৩৭৩ মেট্রিক টন ত্রাণ এল ঐরাবতে:
অনুষ্ঠানে জানানো হয় দ্বিতীয় ধাপে ভারতের বিশখাপত্তনম বন্দর থেকে আসা আইএনএস ঐরাবত জাহাজটি মোট ৩৭৩ মেট্রিক টন ত্রাণ নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আসে।
এতে আছে ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি, ৬১ মেট্রিক টন শিশু খাদ্য, ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
এক মিলিয়ন লিটার কেরোসিন তেল ও ২০ হাজার রান্নার চুলার একটি চালান শীঘ্রই আসবে বলেও জানান ভারতীয় হাই কমিশনার।
এরআগে প্রথম ধাপে ‘অপারেশন ইনসানিয়াত’ এর অধেীনে ৯৮১ মেট্রিক টন ত্রাণ দিয়েছিল ভারত।
অনুষ্ঠানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও ঐরাবত জাহাজের কমান্ডার এ অশোক উপস্থিত ছিলেন।
