২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ট্যাংকে ৫০ হাজার ইয়াবা, যাচ্ছিল ঢাকায়

কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার চট্টগ্রামে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 05:21 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

প্রাইভেটকারটির তেলের ট্যাংকের মধ্যে রেখে কৌশলে এই ইয়াবা পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

গাড়িটির চালক মো. হাবিবকে (২৮) গ্রেপ্তারও করেছে পুলিশ। তার বাড়ি দিনাজপুরের মনসাপুর ইউনিয়নে। তার বাবার নাম সামছুল ইসলাম। 

সাতকানিয়া উপজেলার নোয়া খালের মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রোববার রাতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়  বলে হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিব টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নিজে কার চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন।

“গোপন সংবাদের ভিত্তিতে নোয়া খালের মুখ এলাকায় বিবিসি ব্রিকস ফিল্ডের সামনে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। এসময় গাড়ির পেছনে তেলের ট্যাঙ্কের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

হাবিবের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর।