চট্টগ্রামে শুরু হচ্ছে ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা’
শ্রমিকদের নিরাপত্তার বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী বসছে চট্টগ্রামে।
‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মেলা’ নামের মেলাটি নগরীর মুসলিম ইনস্টিটিউট হল চত্বরে শুরু হবে শুক্রবার; চলবে শনিবার পর্যন্ত।
এবার দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলা।
বৃহস্পতিবার নগরীতে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) কর্মকর্তারা।
বিলস-লেবার রিসোর্ট অ্যান্ড সাপোর্ট সেন্টারের নির্বাহী কমিটির সদস্য সচিব ও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামে দ্বিতীয় বারের আয়োজিত এবছরের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘সুস্থ্য শ্রমিক-নিরাপদ জীবন নিশ্চিত করে টেকসই উন্নয়ন’।
মেলায় এবছর ১৯টি প্রতিষ্ঠান অংশ নিয়ে শ্রমিকদের নিরাপত্তার জন্য ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে মেলা।
শুক্রবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ও শনিবার সমাপনী দিনে শ্রমমন্ত্রী মুজিবুল হক উপস্থিত থাকবেন।
এবছর মেলায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সিইউএফএল, চট্টগ্রাম সিটি করপোরেশন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, পিএইচপি, বিএসআরএম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মেসার্স বুরহানি ট্রেডার্স, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা, সংশপ্তক, অগ্রযাত্রা, ব্লাস্ট, বেলা অংশ নেবে।
এছাড়াও চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশন, এক্সরে-প্যাথলজি অ্যান্ড হেলথ ক্লিনিক কর্মচারি ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক-কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দল এবং বিলস-এর স্টল থাকবে মেলায়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বিলস-লেবার রিসোর্ট অ্যান্ড সাপোর্ট সেন্টারের নির্বাহী কমিটির চেয়ারম্যান এএম নাজিম উদ্দিন ও চট্টগ্রাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত।
উপস্থিত ছিলেন বিলস কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য্য, রিজওয়ানুর রহমান খান, শ্রমিক নেতা শফি বাঙালী।
