২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি রাজাকার’ বুকে নিয়ে দাঁড়ানো দেখে হতবাক হয়েছি: মুক্তিযোদ্ধা মোজাফফর

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমনাননায়’ ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 12:24 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর বলেন, “যখন দেখলাম ‘আমি রাজাকার’ লেখা বুকে নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তখন হতবাক হয়ে গিয়েছিলাম।”

একাত্তর সালে কোনো সুবিধার জন্য নয়, দেশকে স্বাধীন করতে জীবনবাজি রেখে শত্রুর মোকাবেলা করার কথা বলেন তিনি।

গেল মাসের ওই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের ‘অধিকার’ সংরক্ষণে আইন প্রণয়নসহ নয় দফা দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

মোজাফফর আহমেদ বলেন, “ওই সমাবেশে ১০ হাজার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও স্বজনরা সমবেত হবেন। আমরা কোনো কোটার জন্য যুদ্ধ করিনি, একটি পতাকার জন্য যুদ্ধ করেছিলাম।”

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার দাবিতে দীর্ঘ দিনের আন্দোলনের ধারবাহিকতায় গত ৯ এপ্রিল ঢাকার শাহবাগে চাকরিপ্রত্যাশীরা অবস্থান নিলে এক পর্যায়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয়, রাতভর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

ওই ঘটনার পর এই আন্দোলন নতুন মাত্রা পায়। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেন, “মুক্তিযোদ্ধার সন্তানরা সুযোগ পাবে না, তো কি রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে?”

এরপর কেউ কেউ ‘আমি রাজাকার’ লেখা প্ল্যাকার্ড এবং বুকে ‘আমি রাজাকার’ লিখে দাঁড়িয়ে যান কর্মসূচিতে, যা নিয়ে ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

আগামী শনিবার বন্দরনগরীতে প্রতিবাদী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার সমন্বয় পরিষদ-চট্টগ্রাম’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধার সন্তান মাহবুবুর রহমান সিবলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি।

“কোটাবিরোধী আন্দোলনের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের অবদান ও মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে চূড়ান্ত অসম্মান প্রদর্শন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এটা চূড়ান্ত ধৃষ্টতা এবং স্বাধীনতার চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা থেকে নতুন প্রজন্মকে বিচ্যুত করার ঘৃণ্য চক্রান্ত এই আন্দোলনের অবয়বে প্রতীয়মান হয়।”

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তুলে তারা শুধু মুক্তিযোদ্ধাদেরই অপমান করেননি, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকেও অপমান’ করেছেন।

“কোটা বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। আমরা চাই মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্থায়ী অধিকার সংরক্ষণ আইন ও এর সাংবিধানিক স্বীকৃতি।”

৫ মে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীর সন্তান শাহীন রেজা নূর, ডা. নুজহাত চৌধুরী ও শমী কায়সার, মুক্তিযোদ্ধার সন্তান সাংসদ ওয়াসিকা আয়েশা খান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ সমাবেশে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়।

তাদের দাবির মধ্যে আছে, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের স্থায়ী অধিকার সংরক্ষণ আইন ও এর সাংবিধানিক স্বীকৃতি, সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন ও রাজাকারের পূর্ণ তালিকা প্রকাশ, আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা ও যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল করা।

অন্য দাবিগুলো হলো- যুদ্ধাপরাধীদের সন্তান ও নাতি-নাতনিদের চিহ্নিত করে সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত করা, প্রশাসনে রাজাকারের বংশধরদের অনুপ্রবেশ আইন করে নিষিদ্ধ করা, ‘দেশদ্রোহীদের অধিকার সংকুচিত’ আইন জারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে বিচার ইত্যাদি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, সরফরাজ খান বাবুল, আবু সাঈদ সরদার, পান্টু লাল সাহা ও সাধন চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান নওশাদ মাহমুদ রানা, জসিম উদ্দিন চৌধুরী, শামীমা হক লুবনা, নাজনীন সরওয়ার কাবেরী, সায়রা বানু রুশ্নী, হেলাল উদ্দিন, শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, সরওয়ার আলম চৌধুরী প্রমুখ।