চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু, প্ররোচনার অভিযোগে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর মৃত্যুর পর তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের তপন দেবনাথের স্ত্রী টুম্পা রানী দেবী মঙ্গলবার রাতে মারা যান। তিন বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান নেই।
এ ঘটনায় টুম্পার স্বামী তপনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) রমিজ আহম্মদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্তান না হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন টুম্পাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। হয়ত এ কারণে টুম্পা আত্মহত্যা করে থাকতে পারে।”
টুম্পার কাকা অর্জুন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুম্পার শ্বশুর বাড়ির লোকেরা মঙ্গলবার রাতে ফোন করে জানায় টুম্পা ‘উকুনের বিষ’ খেয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তারা যেন টাকা নিয়ে সেখানে যান।
টুম্পার বাবা বিদেশে থাকেন জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন সময় তপনের চাওয়া মতে তাদের টাকা দেওয়া হয়েছিল। এরপরও তারা টুম্পাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।”
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় টুম্পা রানী দেবীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার পুলিশ টুম্পার স্বামী তপন দেবনাথ, তপনের ভাই দীপক কুমার নাথ ও বৌদি খুকি রানীকে আটক করে।
পরে টুম্পার চাচা অর্জুন দেবনাথ বাদী হয়ে স্বামী-দেবরসহ শ্বশুরবাড়ির অন্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন বলে পরিদর্শক রমিজ জানান।
