মে দিবসে চট্টগ্রামে নানা কর্মসূচি
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মে দিবস।
মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), জাতীয় শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
বিকালে নগরীর লালদিঘী মাঠে সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ। চট্টগ্রাম শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
জাতীয় শ্রমিক লীগের সমাবেশের একাংশ
সমাবেশে টিইউসি সভাপতি তপন দত্ত বলেন, “দেশের শতকরা ৯৫ শতাংশ শ্রমিক আট ঘণ্টার বেশি কাজ করে থাকেন। কম মজুরি কিংবা অধিক সময় কাজ করা শ্রমিকদের অন্যতম সমস্যা হলেও শ্রমিক বঞ্চনা শুরু হয় কারখানায় যোগদানের পর থেকে।”
অধিকাংশ কল কারখানায় নিয়োগ পত্র, পরিচয় পত্র দেয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, “কথায় কথায় শ্রমিক ছাঁটাই, তার সাথে যুক্ত হয়েছে অনিরাপদ কর্মক্ষেত্র।”
সমাবেশ থেকে এসব নিরসনের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইফতেখার কামাল খান, মীর মোহাম্মদ ইলিয়াছ, নির্মাণ শ্রমিক নেতা মো. আলমগীর, চা শ্রমিক নেতা প্রদীপ দাশসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মে দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। ছবি: সুমন বাবু
জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আমিন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে নগরীতে লাল পতাকার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
নগরীর বিআরটিসি মোড়ে ফেডারেশনের পূর্বাঞ্চল সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সহ-সভাপতি রুহুল আমিন, অলি আহম্মদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মে দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি: সুমন বাবু
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিইউজের সভাপতি নাজিম উদ্দিন শ্যামলের সভাপতিত্বে এই সমাবেশে নবম ওয়েজ বোর্ড গঠনের পর এখনও মহার্ঘ ভাতা ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
সাংবাদিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের পাশাপাশি সরকার ঘোষিত সব ছুটি বাস্তবায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য অভিন্ন বেতন কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়।
মে দিবস উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সুমন বাবু
সমাবেশ শেষে একটি মিছিল চেরাগী পাহাড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
