‘ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে দেওয়ায় খুন হন সোহেল’
ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে হাটহাজারীর সোহেল রানাকে ইটের আঘাতে খুন করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে।
গত ৫ মার্চ হাটহাজারী উপজেলার আলীপুরে ইটের আঘাতে খুন হন সোহেল রানা (২৫)। তিনি হাটহাজারী পৌরভার চন্দনপুরা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
সোহেল রানা স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এ ঘটনায় সোহেল রানার বাবা একটি হত্যা মামলা করেছেন।
পিবিআইর চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার নগরীর ষোলশহর রেইলগেট এলাকা থেকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী আনিছুর রহমান তারেককে (১৮) গ্রেপ্তার করা হয়।
তারেক হাটহাজারী থানার রঙ্গি পাড়ার শুক্কুর তালকদার বাড়ির আহমদ মিয়ার ছেলে।
পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “জিজ্ঞাসবাদে তারেক জানিয়েছে হত্যার দুই মাস আগে সোহেলের এক আত্মীয়র মোবাইল ছিনতাই হয়।
“মোবাইলটি ছিনতাই করেছিল তারেকের বন্ধু সাকিব। সোহেল পরে সাকিবের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে নিয়ে যায়। এর জেরেই সোহেলকে খুনের পরিকল্পনা করা হয়।”
তারেকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “ঘটনার দিন আলীপুর এমকে ফার্মেসির সামনে মোটর সাইকেল নিয়ে পৌঁছান সোহেল ও তার বন্ধু খোরশেদ।
“এসময় তারেকসহ কয়েকজন মিলে মোটর সাইকেলের গতিরোধ করে সোহেল ও খোরশেদকে মারধর শুরু করে। এক পর্যায়ে খোরশেদ পালিয়ে গেলেও তারেক একটি ইট সোহেলের মাথা লক্ষ্য করে ছুড়ে মারে। তখন সাকিবসহ তারেকের অন্য সঙ্গীরাও সোহেলকে ইট দিয়ে আঘাত করে।”
গুরুতর আহত সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার তারেক তার ১৫ সহযোগী নাম উল্লেখ করে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পিবিআই কর্মকর্তা রেজাউল করিম।
