২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে পাহাড়তলীর ওসির বিরুদ্ধে মামলা

থানায় নিয়ে জোর করে টাকা আদায়ের অভিযোগে সমালোচনার মুখে থাকা পাহাড়তলী থানার ওসিরে বিরুদ্ধে ছেলেকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মামলা করেছেন এক নারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাৎ হোসেন ভুঁইয়ার আদালতে মোছাম্মৎ মেহেরুন্নেছা নামের ওই নারীর করা মামলায় ওসি রফিকুল ইসলাম ছাড়াও তার থানার আরো ছয় পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- এসআই মোহাম্মদ আবু সায়েদ, এএসআই উত্তম ধর, ফজলুল বারী ও জিন্টু বড়ুয়া এবং কনস্টেবল নাজিম উদ্দিন ও মোহাম্মদ মহিউদ্দিন।

আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে ৩০ মের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী বাবুল দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাতে মেহেরুন্নেছার ছেলে মেহেদী হাসান নাঈম এবং তার দুই বন্ধু তানজিল ইসলাম ও সাজিকুল ইসলাম সরাইপাড়ার মাম টাওয়ারের সামনে ছিলেন।

“সেখান থেকে এসআই মোহাম্মদ আবু সায়েদের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তিনজনকে আটক করে। খবর পেয়ে মেহেরুন্নেছা থানায় যান।

“পুলিশ সদস্যরা তিনজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মেহেদী হাসান নাঈমকে মারধর করা হয়। পরদিন নাঈমকে ৪০টি এবং তানজিলকে ১২টি ইয়াবাসহ আটক দেখিয়ে একটি মামলা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ওই মামলায় তারা এখনো হাজতে।”

এছাড়া আটক সাজিকুলকে অন্য একটি লঘু অপরাধের মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয় জানিয়ে আইনজীবী বাবুল দাশ বলেন, সাজিকুল জামিন নিয়ে মুক্ত হয়েছে।

“এরপর থেকে মেহেদীর মাকে হুমকিও দেওয়া হচ্ছে।”

মেহেরুন্নেছার মামলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ৩২৩, ৩৮৫ এবং ৫০৬/৩৪ ধারায় যথাক্রমে মারধর, জোরপূর্বক অর্থ আদায় এবং হুমকির অভিযোগ করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলামের দাবি, মেহেদী হাসান নাঈমের বিরুদ্ধে আগের একটি ইয়াবার মামলা আছে। অন্য দুটি মামলায়ও পরোয়ানা আছে।

“ইয়াবাসহ আটকের পর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম,” বলেন তিনি।

সম্প্রতি ওসি রফিকুলের বিরুদ্ধে এক ব্যক্তিকে জোর করে থানায় আটকে টাকা আদায়ের অভিযোগ ওঠে।

গত ২৭ এপ্রিল ঢাকায় সংবাদ সম্মেলন করে   শেখ জসীম আহমেদ নামের ওই ব্যক্তি ও তার স্ত্রী ওসি রফিকুলসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।

তবে রফিকুল ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেছেন।

পুরনো খবর:

থানায় নিয়ে টাকা আদায়ের অভিযোগ পাহাড়তলীর ওসির বিরুদ্ধে