২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: ঢাকা ও রাজশাহী থেকে ৪ জন গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 06:52 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

পুলিশ বলছে, গ্রেপ্তারা আন্তর্জাতিক একটি প্রতারক চক্রের সদস্য।

ঢাকা ও রাজশাহীতে টানা চারদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন।

গ্রেপ্তাররা হলেন- বিপ্লব লস্কর (৩০), কায়েস হোসেন (৩০) ও রবিউল ইসলাম (২৫) ও মোশারুল ইসলাম ওরফে মুছা (২৮)।

গোয়েন্দা কর্মকর্তা আসিফ জানান, চক্রটি ফেইসবুকে তরুণীদের সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলে। পরে তাদেরকে উপহার পাঠানোর কথা বলে ট্যাক্স পরিশোধ করার নামে টাকা হাতিয়ে নেয়।

তিনি বলেন, “চট্টগ্রামের এক তরুণী প্রতারণার শিকার হয়ে গত ২৩ এপ্রিল খুলশী থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।”

আসিফ জানান, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার থেকে কায়েসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে ঢাকায় অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এ চক্রটিতে কেনিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক রয়েছে। তারা বেশ কয়েকটি গ্রুপের মাধ্যমে প্রতারণা করে। বাংলাদেশে একটি গ্রুপের তদারকিতে রয়েছে বিল্পব। এই গ্রুপটিতে নারীসহ আরও কয়েকজন আছে।

তবে প্রতারকদের মূল নিয়ন্ত্রণে বিদেশিরা উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তা আসিফ জানান, তারা ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে তরুণীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার কিছুদিন পর তাদের দামী উপহার পাঠানোর কথা বলে।

“পরে উপহার পাঠানো হয়েছে চক্রটির এক নারী সদস্য কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে তরুণীদের ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ট্যাক্সের টাকা পরিশোধ করতে বলে।”

অভিযোগকারী তরুণী গত ১৫ এপ্রিল থেকে কয়েক দফায় বিভিন্ন অ্যাকাউন্টে আট লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানান আসিফ।

চক্রটির বিভিন্ন বেসরকারি ব্যাংকে অন্তত ৫০টি অ্যাকাউন্ট আছে উল্লেখ করে তিনি জানান, তাদের কাছ থেকে ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্ড ও চেক বই পাওয়া গেছে।

গ্রেপ্তারদের প্রতারণার শিকার ওই তরুণীর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চক্রটির অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন।