চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে আহত ১১ মাসের শিশু
চট্টগ্রামের ডিসি রোডে কেবল ব্যবসার বিরোধের জের ধরে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে ১১ মাস বয়েসী এক শিশু ও তার দাদি আহত হয়েছে।
শুক্রবার বিকালে গোলাগুলির ওই ঘটনার আগে আগে নাতি বেলাল হোসেনকে নিয়ে তার দাদি নুরজাহান বেগম বাসার কলোনির গেইটে দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হয় বলে তার স্বজনরা জানান।
বেলালের বাবা সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে আমার ছেলেকে নিয়ে কলোনির গেইটে দাঁড়িয়ে ছিলেন আমার মা। এসময় গোলাগুলিতে আমার মা ও ছেলে গুলিবিদ্ধ হয়।”
বেলালের মাথা ও পায়ে এবং নুরজাহানের পেট ও পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, বেলালের মাথার পাশ দিয়ে গুলি গেছে এতে তার মাথার ডানদিকের চামড়া উঠে গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বলেন, “আমরা ধারণা করছি দুইপক্ষ গুলি করে পালানোর সময় ছোঁড়া গুলিতে তারা আহত হয়েছে।”
নগরীর পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনে কেবল ব্যবসার বিরোধে দুইপক্ষের মধ্যে বিরোধ বাঁধে। দুপুরে দুইপক্ষ অস্ত্রসস্ত্র নিয়ে গোলাগুলিতে জড়ালে ফরিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হয়।
