বলী প্রশিক্ষণ কেন্দ্র হবে চট্টগ্রামে
বলীদের প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অ্যাকাডেমি করার কথা জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্র করতে আগামী দশ দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
মেয়র নাছির সিজেকেএসেরও সাধারণ সম্পাদক পদেও আছেন।
বুধবার চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলার ১০৯তম আসরে প্রধান অতিথির বক্তব্যে নাছির এ খেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজক কমিটির কাছে অনুরোধ জানান।
ঐতিহাসিক এ খেলাকে আকর্ষনীয় করতে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “এখন যা অবস্থা দেখা যাচ্ছে আগামীতে বলি খেলার জন্য কেউকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
“সিটি মেয়রের পাশাপাশি আমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। বলীদের প্রশিক্ষণের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অ্যাকাডেমি তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ মালেক তিন দশকের বেশি সময় ধরে জব্বারের বলী খেলা পরিচালনা করে আসছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন যারা বলী ধরতে আসেন তাদের অনেকের শক্তি থাকলেও কৌশল জানা নেই। তেমনভাবে শারীরিক গঠনও ভালো নয়।”
অতীত স্মরণ করে তিনি বলেন, “আগে বলী খেলায় অংশগ্রহণকারী কম থাকলেও চট্টগ্রামের শাহ আলম, ইউসুফ, জুনায়েদসহ অনেক শক্তিশালী বলী ছিলেন। তাদের খেলা দেখতে বাদ্যযন্ত্র নিয়ে অনেকে খেলা দেখতে আসতেন।”
এখন বলীর সংখ্যা বাড়লেও খেলার মান নষ্ট হয়েছে বলে মনে করেন মালেক।
এবারের খেলায় এমএ মালেকের সহকারী হিসেবে ছিলেন নূর মোহাম্মদ লেদু, জাহাঙ্গীর আলম ও ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বলী।
এবছর বলী খেলায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৮৬ জন বলী অংশ নিয়েছেন। তবে গতবারের চ্যাম্পিয়ন, রানার্সআপ কেউই অংশ নেননি এবার।
চট্টগ্রামের লালদিঘী মাঠে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা ছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে সিআরবি শিরিষ তলায় শাহবউদ্দিনের বলী খেলা, সাতকানিয়ায় মক্কার বলী খেলা ও পটিয়া উপজেলায় আলাদা করে একটি বলী খেলা হয়।
