২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল জব্বারের বলী খেলার মেলা

চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলা উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 09:32 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

নগরীর লালদিঘী মাঠ ঘিরে কয়েক কিলোমিটার জায়গাজুড়ে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে মঙ্গলবার। বুধবার হবে বলী খেলা।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ মেলায় এসেছে দোকানিরা। বলি ধরতেও আসবেন বিভিন্ন এলাকার প্রতিযোগীরা।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ নগরীর লালদিঘী মাঠে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই বলী খেলা। বলী খেলাকে কেন্দ্র করে মাঠের আশেপাশের জায়গাজুড়ে বসে মেলা।

ব্রিটিশ শোষণ-নিপীড়নের বিরুদ্ধে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর লালদিঘী মাঠে আয়োজন করেন এই কুস্তি প্রতিযোগিতা, যা পরবর্তীতে চট্টগ্রামবাসীসহ সারা দেশের মানুষের কাছে জব্বারের বলি খেলা নামে পরিচিত হয়ে ওঠে। এবছর বলী খেলার ১০৯তম আসর বসছে।

চট্টগ্রামবাসী অপেক্ষায় থাকে এই মেলার জন্য। যেখান থেকে তারা সংগ্রহ করে এক বছরের অনেক গৃহস্থালি সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর জিনিস। মেলাকে নিয়ে শিশুদেরও আনন্দের কমতি থাকে না।

এ মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের পাশাপাশি দোকান নিয়ে বসা ব্যবসায়ীরা অংশ নেন বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে।

বিভিন্ন ধরনের মাটির টব ও শো-পিস নিয়ে ঢাকা থেকে বলী খেলার মেলায় দোকান সাজিয়েছেন মনির হুসাইন নামে এক ব্যক্তি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ বছর ধরে মাটির জিনিস নিয়ে মেলায় আসছেন তিনি। 

“ধানমন্ডি ৬ নম্বর রোডে মূল প্রতিষ্ঠান হলেও প্রতিবছর বলি খেলায় আমি দোকান নিয়ে আসি। মেলায় আনা পণ্যগুলো সব বিক্রি করে ঢাকায় ফিরে যাই।”

চট্টগ্রামবাসী তাদের ঘর সাজানোর জন্য অপেক্ষায় থাকেন এসব মাটির জিনিস ও ঘর সাজানোর বিভিন্ন পণ্যের জন্য।

ঢাকার হাই কোর্ট এলাকার এসএন হ্যান্ডিক্রাফ্টের মালিক নিজাম উদ্দিন জানান, ১৫ বছর ধরে তারা বলি খেলার মেলায় দোকান নিয়ে আসেন।

ভালো চাহিদা ও বেচা বিক্রি বেশি হওয়ায় তারা প্রতিবছর এখানে দোকান আনেন বলে জানান তিনি।

জব্বারের বলী খেলার মেলার অন্যতম আকর্ষণ ‘টনটনি গাড়ি’ ও ঝাড়ু।

ছোটদের খেলনা ‘টনটনি গাড়ি’ বড়রাও কেনেন শখের বসে। মেলায় আসা বিভিন্ন জিনিসপত্র অন্যসময়ে চট্টগ্রাম পাওয়া গেলেও ছোটদের খেলনা এই গাড়ি মেলা ছাড়া বাজারে মেলে না।

প্রতিবছর মেলায় বিক্রির জন্য গাড়িগুলো বগুড়া থেকে আনা হয় বলে জানান বিক্রেতা আব্দুল কাইয়ুম। 

বগুড়ার দুপচাচিয়া উপজেলার এ বাসিন্দা জানান, নিজেরাই বাড়ি থেকে তৈরি করে খেলনার এই গাড়িগুলো নিয়ে এসেছেন। 

বংশপরম্পরায় তারা বলি থেলায় এ গাড়ি বিক্রি করতে আসেন বলে জানায় কাইয়ূম।

মেলায় নগরবাসীর অন্যতম চাহিদা থাকে ঝাড়ুর। পুরো এক বছরের জন্য বেতের বাঁধা এ ঝাড়ু অনেকে এই মেলা থেকেই কিনে নেন।

মূলত চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারারের মহেশখালী ও বান্দরবান থেকে ঝাড়ু নিয়ে মেলায় আসেন বিক্রেতারা। 

নাজেম উদ্দিন নামে এক ঝাড়ু ব্যবসায়ী বলেন, “বাপ-দাদার আমল থেকে আমরা ঝাড়ু নিয়ে বলি খেলার মেলায় আসি।

“মেলার জন্য ঝাড়ুগুলো বিশেষভাবে তৈরি করা হয়। বছরের অন্য সময়ে প্লাস্টিকের রশিতে বাঁধা ঝাড়ু তৈরি করলেও মেলার জন্য বেতের বাঁধা ঝাড়ু তৈরি করা হয়।”

দীপঙ্কর দে নামে একজন বলেন, “বলী খেলা আসলে সারা বছরের জন্য ঝাড়ু কিনে নিয়ে যাই।”

সিলেটের মাধবপুর মনতলা থেকে বলী খেলায় এসেছেন মো. সাহিদ নামে এক হাতপাখা বিক্রেতা।

তিনি বলেন, বাড়িতে তৈরি করা এসব হাতপাখা ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করি। বলী খেলার সময় প্রায় ১৭ বছর ধরে চট্টগ্রামে চলে আসি।

এদিকে মেলায় তরুণীদের অন্যতম পছন্দ থাকে কাচের চুড়িতে। নারীরাই এসব চুড়ির পসরা সাজিয়ে বসেন বলি খেলার মেলায়।

ঢাকার কেরানীগঞ্জ থেকে মরিয়ম বেগম তার দুই সন্তান নিয়ে এসেছেন চট্টগ্রামে।

তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে মেলায় আসি চুড়ি বিক্রি করতে। বেচা বিক্রিও বেশ ভালো হয়।”