পটিয়ায় দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি কর্ভাড ভ্যান অটো রিকশার গ্যারেজে ঢুকে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার গিরিশ চৌধুরীর বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. সেলিম (৪০) পটিয়া উপজেলার কাগজী পাড়া এলাকার মৃত এয়ার আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কর্ভাড ভ্যানটি সিএনজি অটো রিকশার গ্যারেজে ঢুকে পড়লে চারজন আহত হয়।
গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে নিলে বিকাল সাড়ে ৪টার দিকে সেলিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত শফি (২৮), সাইফুল (২৪) ও মুছা (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
