এমপি নদভীর গাড়িতে ঢিল, পুলিশ বলছে ‘মানসিক ভারসাম্যহীন’
চট্টগ্রামের পটিয়ার মনসা এলাকায় সাতকানিয়ার সংসদ সদস্য আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর গাড়িতে ঢিল ছুড়েছেন এক নারী, যাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ক্ষমতাসীন দলের ওই সংসদ সদস্যকে বহনকারী ল্যান্ড ক্রুজারের এক পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
সংসদ সদস্য নদভী চট্টগ্রাম থেকে নিজের সংসদীয় এলাকা লোহাগাড়ায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাস্তায় এক পাগল বড় একটা পাথরের টুকরো ছুড়ে মারে। সেটা আমার গাড়িতে এসে পড়ে। তাতে ডান পাশের জানালার কাচে কিছু ক্ষতি হয়েছে।”
গাড়ির ওই পাশেই তিনি বসেছিলেন জানিয়ে এমপি নদভী বলেন, “কাচ ভেঙে গেলে হয়ত খারাপ কিছু ঘটতে পারত।”
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনসা এলাকার ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাকে নাকি এমনিতে ঘরে আটকে রাখতে হয়। কোনোভাবে সে বের হয়ে রাস্তায় এসে গাড়িতে ঢিল ছুড়তে শুরু করেছিল।”
ওই সময় সংসদ সদস্যের গাড়িতেও একটি ঢিল লাগে বলে জানান এই পুলিশ কর্মকর্তার।
