ইয়াবাসহ গ্রেপ্তার নারী ক্রিকেটার রিমান্ডে
১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক নারী ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ইমরান খান এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার ভোরে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে নাজরীন খান মুক্তাকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
মুক্তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে পুলিশ ১৪ হাজার ইয়াবা পায়।
মুক্তার দাবি, তিনি আনসার ও ভিডিপি ক্রিকেট দলের হয়ে ঢাকায় লিগ পর্যায়ে ক্রিকেট খেলতেন।
আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের দাবি, দুই-তিন বছর আগে মুক্তা নামের একজন তাদের দলে ছিলেন।
পুলিশ বলছে, মুক্তা নিয়মিত কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যেতেন।
