২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের নামে টাকা হাতানো: মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

ফেইসবুকে প্রশ্ন ফাঁসের প্রচারণা চালিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 12:28 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ পড়ুয়া পাড়ার নিজ বাড়ি থেকে রোববার গভীর রাতে ওবায়দুল হক (১৮) নামে এই ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

ওবায়দুল আনোয়ারার পশ্চিম চালা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের দায়িত্বরত লে. কমান্ডার আশেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওবায়দুল নিজে এবছর দাখিল পরীক্ষায় অংশ নিলেও সে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল।

“ওবায়দুল ফেইসবুকে একটি গ্রুপ খুলে সেখানে প্রশ্ন ফাঁসের প্রচারণা চালায়। যারা তার সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বিকাশ নম্বরে ৮০০ থেকে এক হাজার টাকা করে নিয়ে থাকে।”

ওবায়দুলের বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাত একটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা আশেকুর।