চবির পাহাড়ে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের পাহাড়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরের পেছনের পাহাড়ে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের স্টেশন কমান্ডার মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড় থেকে কাঠ সংগ্রহে যাওয়া কেউ হয়ত আগুন লাগিয়েছিল। তবে আমরা অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারিনি।”
আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রশাসনিক ভবনের সামনে একটি সড়কের বিপরীত পাশেই বঙ্গবন্ধু চত্বর। ওই চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের পেছনের পাহাড়টিতেই আগুন লাগে।
ওই পাহাড়ের পশ্চিম পাশে ড. আবদুল করিম কলা ভবন এবং পাদদেশে চবি অফিসার্স সমিতি ও কলা অনুষদের টিচার্স লাউঞ্জ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন বলেন, “দ্রুত আগুন নিন্ত্রণ করতে না পারলে বিপদের আশঙ্কা ছিল। তবে তেমন কিছু হয়নি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার পরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে করে।”
