চট্টগ্রামে শ্রমিক লীগ নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের চন্দনাইশে শ্রমিক লীগের এক নেতাকে তার বাড়ির পুকুরঘাটে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় নিজ বাড়িতে খুন হন উপজেলা শ্রমিক লীগের সদস্য নুরুল ইসলাম খোকা (৩৫)।
ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে খোকা তিনদিন আগে ওমরাহ করে ফিরেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের এএসপি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে খোকাকে সন্ত্রাসীরা প্রথমে গুলি করে, পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“গুরুতর অবস্থায় খোকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে খোকার সঙ্গে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল।
