ধরা পড়ল কুড়াল, বের হল ইয়াবা
চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে কুড়ালের ভেতরে কৌশলে লুকানো ৭৬৫টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইয়াকুব (৩৫) পটুয়াখালী জেলার সদর থানার কলাগাছিয়া গ্রামের সোবহান ফকিরের ছেলে। তবে তিনি থাকেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজ পাড়া এলাকায়।
সোমবার রাত ১১টা দিকে রেল স্টেশনের ফুট ওভার ব্রিজের কাছ থেকে একটি কুড়াল ও একটি করাতসহ ইয়াকুবকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াকুবকে তারা আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে ইয়াকুব তার কুড়ালে ইয়াবা লুকানো থাকার কথা স্বীকার করেন।
ওই কুড়ালের লোহার অংশটি ছিল ফাঁপা। ভেতরে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পরে বের করে দেন ইয়াকুব।
এ ঘটনায় রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।
