এইচএসসির প্রশ্ন ফাঁসে ফেইসবুকে প্রচার, চট্টগ্রামে তিনজন গ্রেপ্তার
ফেইসবুকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা হাতানোর অভিযোগ পেয়ে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের কাছ থেকে মিলেছে ভুয়া প্রশ্নপত্র।
রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকা থেকে।
গ্রেপ্তাররা হলেন- আবদুল্লা আল জামান (২০), আল আমিন (১৯) এবং আরিফ হোসেন (২০)। তারা ভাটিয়ারির পূর্ব হাসনাবাদ এলাকার বাসিন্দা।
সোমবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে প্রচারণা চালিয়ে প্রশ্ন দেওয়ার কথা বলে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছিল তারা।
“এদের মধ্যে আব্দুল্লা আল জামানের AR.AKRAM এবং আল আমিনের MD. AL Amin Hossain নামের ফেসবুক আইডি ব্যবহার করে এ কাজ করা হচ্ছিল।”
পুলিশ কর্মকর্তা মশিউদ্দৌলা রেজা বলেন, “তাদের কাছে কোনো প্রশ্নপত্র নেই। কিছু সাজেশনকে তারা পরীক্ষার প্রশ্নের আকারে সাজিয়েছিল। এর সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই।”
