অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ সন্ত্রাসী
অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানাধীন নাজিরাবাদ এলাকা থেকে অস্ত্র-গুলি, চাপাতি, ছুরি ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই নাসিম হোসেন।
গ্রেপ্তাররা হলেন- রাজন (৩২), ইকবাল (২২), পারভেজ (২৩), মোরশেদ (২৫) ও মিজান (২৪)।
তারা সবাই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার ম্যাক্সনের সহযোগী।
এসআই নাসিম জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বার্মিজ বন্দুক, তিনটি দেশী বন্দুক, নয়টি কার্তুজ, দুটি ছুরি, দুটি রামদা, একটি চাপাতি।
এছাড়া ৩০০ ইয়াবা ও চারটি মোবাইল ফোনও পাওয়া গেছে তাদের কাছে।
গোপন সংবাদের ভিত্তিতে নাজিরাবাদের সন্ত্রাসী ওসমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয় উল্লেখ করে তিনি বলেন, এসময় ওসমান পালিয়ে গেলেও বাকি পাঁচজনকে ওই বাড়ির রান্নাঘর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা নগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে যুক্ত উল্লেখ করে এসআই নাসিম বলেন, প্রত্যেকের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ ও কোতয়ালী থানায় দুই-তিনটি করে অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে।
