শাহ আমানতে ঢাকাগামী যাত্রীর ব্যাগে ইয়াবা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকাগামী এক যাত্রীর কাছে ৯৬০টি ইয়াবা পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় মো. ওমর ফারুক (২৪) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক নগরীর নাসিরাবাদ এলাকার জাকির হোসেন রোডের সালমা মঞ্জিলের মঞ্জু মিয়ার ছেলে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা ছিল ওমর ফারুকের।
“তার লাগেজ স্ক্যানিং করার সময় এর মধ্যে একটি প্যাকেটে ওষুধ জাতীয় কিছু নির্দেশ করছিল। এসময় পুলিশের সন্দেহ হওয়ায় তারা তল্লাশী করে। লাগেজে থাকা ওই প্যাকেটে ৯৬০টি ইয়াবা পাওয়া যায়।”
ওমর ফারুককে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
