বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘বাস্তবতা’ বিবেচনায় ফি নির্ধারণের আহ্বান শিক্ষামন্ত্রীর
দেশের বাস্তবতা ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সব ফি নির্ধারণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার মানসিকতা ছেড়ে জনকল্যাণে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, “দেশের বাস্তবতা ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে ভর্তি ও টিউশন ফিসহ শিক্ষার্থীদের সকল প্রকার ফি নির্ধারণের আহ্বান করছি।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে সরকারের সচেষ্ট থাকার কথা জানান শিক্ষামন্ত্রী।
“যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তারা শুধু মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে চলতে চান। তাদের সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ তারা খোলা রাখছেন না।”
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। আমরা সকলের জন্য মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই।
চট্টগ্রামের একটি কনভেনশন হলে রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: সুমন বাবু
নারী শিক্ষায় অগ্রগতির কথা তুলে ধরে নাহিদ বলেন, আগামী তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীরা শিক্ষায় সমহার অর্জন করবে বলে তিনি আশাবাদী।
যুবসমাজ যাতে বিপথগামী না হয় এবং জঙ্গিবাদ ও মাদকে প্রভাবিত না হয়, সেজন্য অভিভাবকদের বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানান নাহিদ।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনরে (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এ মাজিদ খান।
সমাবর্তন অনুষ্ঠানে সিআইইউ’র স্কুল অব বিজনেসের ১৩১ জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ৮ জন এবং স্কুল অব ল’র ৪১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সেরা শিক্ষার্থীর পদক পান মালিহা ইবনে ইয়াসিন।
