২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুটের মালের ভাগ নিয়ে সঙ্গীদের হাতে খুন, গ্রেপ্তার ২

ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে বিরোধে সঙ্গীদের হাতেই ডাকাত দলের এক সদস্য নয় মাস আগে খুন হয় বলে পুলিশের তদন্তে জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 07:06 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

ওই খুনের ঘটনায় জড়িত দুইজনকে শনিবার গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তাররা হলেন জসিম উদ্দিন (৩৭) ও ইকবাল হোসেন (২৫)।

গত বছরের ১৭ জুন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাসেম নগর বিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা।

অজ্ঞাত ওই যুবকের বুকের বাম পাশে গুলির চিহ্ন এবং বাম পা ভাঙ্গা ছিল।

পরে তদন্তে পুলিশ নিহত ব্যক্তির নাম মো. কামাল (৩৮) বলে জানতে পারে। কামাল নোয়াখালীর সুধারাম থানার গৌরিপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড থানার পুলিশ তদন্তে জানতে পারে কামাল গত বছরের ১৬ জুন বাড়বকুণ্ডে গিয়েছিলেন।

“নিজেদের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধে কামাল খুন হয় বলেও জানতে পেরেছিল পুলিশ। তবে তদন্তে তারা কোনো আসামিকে খুঁজে পায়নি।”

এরপর গত বছরের ১৬ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। আদালত তা গ্রহণ না করে এ বছরের ৮ ফেব্রুয়ারি মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।

রেজাউল করিম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কুমিল্লার ময়নামতি এলাকায় আত্মগোপনে থাকা জসিম ও ইকবালকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের এক পর্যায়ে কামালকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়।”

এই ডাকাত দলের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত অংশে বিভিন্ন অংশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতির কথা স্বীকার করেছে বলেও জানান পিবিআই কর্মকর্তা রেজাউল করিম।