২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-দুর্ঘটনা আইনের খসড়া পরিবর্তনের দাবি

নৌ-দুর্ঘটনা আইনের খসড়া পরিবর্তনসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 08:37 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মো. ইছা মিয়া মজুরি কাঠামো ২০১৬ এর আওতায় বকেয়া বেতন প্রদান, ঢাকায় ওয়াটার ট্রান্সপোর্ট সেলে শ্রমিকদের ওপর হামলার বিচার, ভারতের কারাগারে আটক আট শ্রমিকের দ্রুত মুক্তিসহ বিভিন্ন দাবি জানান।

আগামী এপ্রিলের মধ্যে এসব দাবি মানা না হলে লাইটারেজ শ্রমিকরা ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।  

ইছা মিয়া বলেন, মজুরি কাঠামো ২০১৬ এর আওতায় বকেয়া বেতনের এরিয়ার এখনো অনেক জাহাজ থেকে দেওয়া হয়নি, যা শ্রম অধিদপ্তর এখনো নজরদারিতে নেয়নি।

আগামী এপ্রিল মাসের মধ্যে তা পরিশোধের দাবি জানান তিনি।

তিনি বলেন, “গত ২৪ মার্চ ঢাকার হাসনাবাদে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সভাপতির নেতৃত্বে আমাদের আটজন শ্রমিকের ওপর হামলা চালানো হয়। আমরা হমলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি এবং ভারতে আটক থাকা আট শ্রমিকের মুক্তি দাবি করছি।”

সংবাদ সম্মেলন থেকে নৌ-দুর্ঘটনায় মাস্টার-সুকানির সাজা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা পুর্নবিবেচনার আহ্বান জানানো হয়।

মাস্টার/ড্রাইভারদের যোগ্যতার সনদের মান বৃদ্ধির দাবির সাথে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির নৌ-বিভাগের সরকারি চাকরিতে অভিজ্ঞ লাইটারেজ শ্রমিকদের থেকে ১০ শতাংশ নিয়োগের দাবি জানান শ্রমিকনেতা ইছা মিয়া।

সংবাদ সম্মেলনে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।