চট্টগ্রামে দেয়াল চাপায় আহত ৪ শ্রমিক
চট্টগ্রাম নগরীতে দেয়ালের নিচে চাপা পড়ে চার শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরঘাটের মাদারবাড়ি মালুম মসজিদ সংলগ্ন দারোগাহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।
আহতরা হলেন- শামসুদ্দিন (৩২), শাকিল (১৭), রাফেজ (১৮) ও রণজিৎ ধর (৩২)। চার জনই ওয়াসার পাইপ বসানোর কাজে নিয়োজিত শ্রমিক।
নেজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসার পাইপ বসানোর কাজ করার সময় ওই এলাকায় একটি দেয়াল ধসে পড়ে। এতে করে চারজন আহত হয়।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আহতরা শংকামুক্ত বলে জানা গেছে।
