চট্টগ্রামের স্কুলে ছাদের পলেস্তরা খসে ছাত্র আহত
চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলার সময় ছাদ থেকে পলেস্তরা খসে এক ছাত্র আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে স্কুল ভবনের তৃতীয় তলায় অষ্টম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে বলে প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার জানান।
আহত শিক্ষার্থী মুসতাকিমুল আলমকে (১৪) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাতঃ বিভাগের ক্লাস চলার সময় ছাদ থেকে পলেস্তরা খসে মুসতাকিমের ওপর পড়ে।
আহত মুসতাকিমের বাবা মোরশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের ওই ভবনের কক্ষগুলো অনকে পুরনো হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তা সংস্কার করা দরকার।
চট্টগ্রাম কোতোয়ালি থানার পাশে ১০৯ বছর বয়সী স্কুলটির তিন তলা ওই অ্যাকাডেমিক ভবন চালু হয় ১৯৯০ এর দশকের শুরুতে। বর্তমানে এ স্কুলের ছাত্র সংখ্যা প্রায় আড়াই হাজার।
