‘অ্যাকটিভ সিটিজেন অ্যাচিভারস সামিট’ অনুষ্ঠিত
চট্টগ্রামে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাকটিভ সিটিজেন অ্যাচিভারস সামিট’।
বুধবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এ সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তরুণদের নিয়ে পরিচালিত ১৫টি সামাজিক উদ্যোগ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার বলেন, “নেতৃত্ব হতে হবে নৈতিকতা ও মানবিক গুণসম্পন্ন। এই নৈতিক ও মানবিক গুণসম্পন্ন তরুণরাই একটি আত্মনির্ভরশীল ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।”
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল বাস্তব অবস্থা বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে তা মোকাবেলা জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সামিটে ‘টেকশই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে তরুণদের ভুমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের চট্টগ্রাম সেন্টারের প্রধান এম. জহির উদ্দিন, ফোরাম ফর পিপলস ভয়েস এর সভাপতি ড. মনজুর-উল-আমিন চৌধুরী বক্তব্য রাখেন।
