২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির দুই হল থেকে অস্ত্র উদ্ধার, আটক ১৫

ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ সন্দেহভাজন ১৫ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 09:32 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

চবিতে সংঘর্ষে ছাত্রলীগ, আহত ৫

বুধবার বিকালে থেকে  শাহ জালাল ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অভিযান শুরু করে পুলিশ।

রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

“তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি বেলাল বলেন, অভিযানে রামদা-রডসহ বিভিন্ন ধরনের ২০টির মত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুই বস্তা ইটের টুকরোও পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজগর আলী চৌধুরী জানান, দুটি হলে তল্লাশী চালিয়ে রামদা, লোহার পাইপ ও চাইনিজ কুড়ালসহ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে বুধবার দুপুর দেড়টার দিকেও সোহরাওয়ার্দী হলের সামনে বিবদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

মঙ্গলবার বিকালে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স এর অনুসারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়।

দুই পক্ষই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।