২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সংঘর্ষে ছাত্রলীগ, আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 09:53 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী শাটল ট্রেনের বগিভিত্তিক ‘সিক্সটি নাইন’ ও ‘ভিএক্স’ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, সোহরাওয়ার্দী হলের সামনে সিক্সটি নাইন ও ভিএক্স এর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন সামান্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সংঘর্ষে আহতদের মধ্যে সাজিদ (২৪), জয় বিশ্বাস (২৩), হৃদয় (২২) ও কামাল (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এছাড়া তারেক ইকবাল নামের একজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

ভিএক্স গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির উপ-গ্রন্থাগার সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, “জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছে। আমরা একটু পর বসে ব্যাপারটা ‍মিমাংসা করে ফেলব।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মনসুর আলম বলেন, “গতকাল জুনিয়রদের মধ্যে ঝামেলার জের ধরে ভিএক্স গ্রুপের ছেলেরা আমাদের ছেলেদের ওপর হামলা করে। তবে যাই হোক না কেন আমরা সিনিয়রা বসে এর সমাধান করে ফেলব।”

এদিকে মঙ্গলবার বিকালে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় স্থানীয়রা সাদাফ খান কবির (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে।

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, জিরো পয়েন্টের দিকে হাঁটতে গেলে স্থানীয়রা তার ওপর হামলা করে।  

“তার মাথা ফেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে।”

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।