দালাল শনাক্তে চমেকে ক্যামেরা বসাতে বললেন দুদক কমিশনার
অস্থায়ী কর্মচারী ও দালালদের দৌরাত্ম রুখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫০টি ওয়ার্ডকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার আহ্বান জানিয়েছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দ্বিতীয় দফা গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন।
হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল।
গণশুনানিতে বিভিন্নজনের অভিযোগ শোনার পর প্রধান অতিথি ড. নাসির বলেন, “ওই যে এক্সট্রা কিছু পয়সা-পাতি দেওয়া হয়..আমি উনাদেরকে বলেছি ৫০টা ওয়ার্ডে এটা মনিটর করুন। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এমনভাবে মনিটর করতে হবে পুরোপুরি ট্রাসপারেন্ট যেন হয়।
“হাসপাতালের সেবার মান আগে থেকে কিছুটা হলেও ভালো হয়েছে। আমরা চাই আরও ভালো হোক। তবে এটিও নয় যে, সেবা অনেক বেশি ভালো হয়েছে। এখানে অনেক কাজ করার বিষয় আছে।”
চট্টগ্রাম মেডিকেলের মোট ৫৯টি ওয়ার্ড আছে। এই হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত অবৈতনিক কর্মচারীদের নিয়ে দীর্ঘদিন ধরে সেবাপ্রত্যাশীদের অভিযোগ রয়েছে। এসব অস্থায়ী কর্মচারীরা সেবার বিনিময়ে বখশিশ দাবি করে বলে অভিযোগ রোগীর স্বজনদের।
দুদক কমিশনার বলেন, “পরিচয়পত্র থাকতে হবে। সে যদি ভলান্টিয়ার বা আউট সোর্সিংও থাকে, যেহেতু ওখানে কাজ করে..তাহলে তার নাম এবং পদবি সেভাবে পরিচয়পত্রে থাকবে।
“যাতে করে লোকজন আইডেনটিফাই করে দিতে পারে, কোনো অভিযোগ থাকলে ওই পরিচয়পত্র দেখে। তাহলে তথ্য পেলে অ্যাকশন নিতে সুবিধা হবে।”
দুদক কমিশনার বলেন, “যদি মনে করেন চট্টগ্রামে কোনো দুর্নীতিবাজের কারণে এই শহরের অনেক কাজ বিঘ্নিত হচ্ছে, সেটা অবকাঠামো হোক বা অন্য কিছু। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দেন।
“আপনাদের বলে গেলাম সাথে সাথে এটার ব্যবস্থা নেব। অনুসন্ধান দিয়ে দেব। তারপরে ধরপাকড় কিভাবে কি করতে হয়, আমরা পরিচয় দেখব না। উনি কী, সরকারি কত পর্যায়ে আছেন, আমাদের এটা বিষয় না। দুর্নীতিবাজ হলো দুর্নীতিবাজ। অতএব তাকে আমরা ধরার চেষ্টা করব।”
তিনি বলেন, “দুদক কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নয়। ভয় পাবে কারা, যারা দুর্নীতিবাজ। আর দুর্নীতিবাজ হচ্ছে সমাজের কিছু মানুষ। বাংলাদেশে কিন্তু ১৬ কোটি মানুষের মধ্যে গ্রামেগঞ্জের মানুষ দুর্নীতির সাথে জড়িত নয়।
“কিছু মানুষ খুবই ইনফ্লুয়েনশিয়াল। সে রাজনৈতিক ক্ষেত্রে হোক আর ব্যবসায়ী হোক। এরকম কিছু কিছু আছে। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে কিছু অ্যাকশন নিয়ে। আপনারা আমাদের সহযোগিতা করুন।”
গণশুনানিতে সেবার বিনিময়ে অস্থায়ী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের টাকা আদায়, দালালের দৌরাত্ম এবং চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতি সংকটের বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা।
শুনানিতে দুদক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
