সরকারি স্টিকারযুক্ত গাড়িতে ৫০ হাজার ইয়াবা
চট্টগ্রামে সরকারি স্টিকারযুক্ত একটি পাজেরো গাড়ি আটকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
ওই গাড়ি থেকে মো. জসীম উদ্দিন (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজেকে একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
তবে ওই প্রতিমন্ত্রীর নাম বলেননি তারা, গাড়ির মালিক সম্পর্কেও জানাতে পারেননি।
রোববার বিকালে কর্ণফুলী থানার ফকিরনির হাট এলাকায় গাড়িটি তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায় বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ জানান।
মো. জসীম উদ্দিন
“তারা গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে।”
জসীম টেকনাফের জাহালিয়া পাড়ার বাসিন্দা জালাল আহমেদের ছেলে। জসীমের চাচা সিদ্দিক ও চাচাত ভাই ফরিদুল আলম তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানান গোয়েন্দা কর্মকর্তা শহীদুল্লাহ।
“সে নিজেকে একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে থাকে।”
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহসিন জানান, নগরীর দিকে আসার সময় বিকালে পটিয়া ক্রসিং এলাকায় পাজেরোটিকে থামার সংকেত দেওয়া হয়।
এ সময় চালক সংকেত না মেনে আনোয়ারার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েক কিলোমিটার দূরে ফকিরনির হাট এলাকায় গাড়ি থেকে নেমে চালক পালিয়ে যায়।
অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর জানান, গাড়িটি এইচএসবিসি ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা। কে ঋণ নিয়ে গাড়িটি কিনেছে তা খুঁজে বের করা হচ্ছে।
