২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৬ জন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2018, 10:55 AM

Updated : 19 Aug 2022, 01:45 PM

শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের অধিকাংশই ঢাকার মোহাম্মদপুর ও কামরাঙ্গিরচরের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা ওয়াছি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘এয়ার-৭১’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানটি রাস্তার পাশে খাদে এবং বাসটি রাস্তায় উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

“ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতরে আটকে থাকা ১৪ যাত্রীর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পায়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

ওয়াছি আজাদ জানান, হতাহতরা সবাই বাসযাত্রী। কভার্ড ভ্যানের চালক কিংবা সহকারী কাউকেই সেখানে পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই দুর্ঘটনায় আহত মোট ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুইজন ছাড়া অন্যরা শঙ্কামুক্ত।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম জানান, নিহত দুই ব্যক্তির লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের একজনের কাছে একটি পরিচয়পত্র পাওয়া গেছে, সেটি যাচাই করা হচ্ছে।