চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লরি চালকসহ নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি তেলের লরির চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই একরামুল ইসলাম জানান।
নিহতরা হলেন- তেলের লরির চালক আবুল কাশেম (৫৮) ও নিরাপত্তা কর্মী কাসেম (৬০)।
নিহতদের মধ্যে চালক কাশেম ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে। আর নিরাপত্তাকর্মী কাসেমের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
লরি চালকের সহকারী শাহ আলমও (১৯) এ ঘটনায় আহত হয়েছেন। তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই একরামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী তেলের লরিটি বিকল হয়ে যাওয়ায় ছোট কমলদহ এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালকসহ তিনজন।
“এসময় ট্রাকটি পেছন থেকে এসে লরিটিকে ধাক্কা দেয়। এতে লরির চালক ও নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লরি চালাকের সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান।
এসআই একরামুল জানান, দুর্ঘটনায় শিকার লরিটির মালিক একটি বেসরকারি পেট্রোল পাম্প। লরি থেকে তেল চুরি ঠেকাতে চালক ও সহকারীর সঙ্গে একজন করে নিরাপত্তা কর্মীও রাখা হয়।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান একরাম।
