২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে পুকুর ভরাট: চট্টগ্রামে দুইজনের কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ২০০ বছরের পুরনো একটি পুকুর অবৈধভাবে ভরাটের অপরাধে দুই জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 01:23 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

রোববার রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ সাজার আদেশ দেয়।

সাজাপ্রাপ্ত দুইজন হলেন- বাড়বকুণ্ডের বাসিন্দা আনোয়ার (৩৫) ও রাসেল (৪০)। তারা ওই পুকুর ভরাটের ঠিকাদারি কাজে জাড়িত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের  সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ২০১০ সালের সংশোধিত পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ঙ) ধারা অনুযায়ী, জলাধার হিসাবে চিহ্নিত যে কোনো জায়গা ভরাট করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়।

“তারা কোনো অনুমতি না নিয়েই প্রায় চার একর জায়গার ওপর ‘নুরুর মার দীঘি’ নামের ওই পুরনো জলাশয়টি ভরাট করছিল। সে কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।”

আদালত দুইজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিনমাস করে কারাদণ্ড দিয়েছে বলে জানান তিনি।